ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে শাস্তি পেল পুলিশ কর্মকর্তা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রাসেল মিয়াকে  বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের দোকান থেকে তার স্মার্টফোন চুরি হয়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসআই রাসেল দোকানে ঢুকে ফল কেনেন। কেনাকাটা শেষে তিনি আরও কয়েক মিনিট দোকানে অবস্থান করেন।

ফুটেজে দেখা যায়, দোকানের কাউন্টারে রাখা রাজীবের মোবাইল ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন রাসেল। পরে রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন তিনি। এরপর ফলের ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

নিজের ফোন খুঁজে না পেয়ে রাজীব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি এসআই রাসেলের সঙ্গে যোগাযোগ করে ফোনটি ফেরত দেওয়ার অনুরোধ করেন।

রাজীব বলেন, ফোনটি নেওয়ার পর রাসেল সেটি হারিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন। পরে ফোনের মূল্য বাবদ তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, তিনিও সিসিটিভি ফুটেজটি দেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন