কমিশনার (ভূমি) হিসেবে দীর্ঘ ১ বছর ৬ মাস ২৮ দিন দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন এহসানুল হক শিপন। পরিকল্পনা কমিশনে বদলিজনিত কারণে মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বালিয়াকান্দিতে তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন হয়।
এ উপলক্ষে বালিয়াকান্দিবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তায় এহসানুল হক শিপন তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সহকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বার্তায় তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি লাঘব এবং সহজ সেবা প্রাপ্তির বিষয়ে আমি সর্বদা সচেষ্ট ছিলাম। কখনো জনাকীর্ণ অফিসে, কখনো একাকী আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি।
দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন প্রান্তে পরিদর্শন, মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা সরকারি কার্যক্রমে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর আন্তরিকতা ও প্রচেষ্টা সত্ত্বেও দায়িত্ব পালনে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকতে পারে। এসব বিষয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি বালিয়াকান্দিবাসীর প্রতি অনুরোধ জানান।
এহসানুল হক শিপন আরও জানান, সফটওয়্যার ও সার্ভারজনিত ত্রুটির কারণে বিভিন্ন সময়ে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে খালকুলা, বাঘুটিয়া ও সর্প বেতাঙ্গা মৌজার কিছু আবেদন কারিগরি ত্রুটির কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, বিষয়টি অটোমেশন প্রকল্পের সাপোর্ট টিমকে কারিগরি সহায়তা প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদায়ী বার্তায় এহসানুল হক শিপন রাজবাড়ীর জেলা প্রশাসক এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের অভিভাবকসুলভ সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের সহযোগিতা তাঁর দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সহকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
বিদায়ের শেষভাগে বালিয়াকান্দিবাসীর কাছে দোয়া চেয়ে এহসানুল হক শিপন বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সর্বদা সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং সবাইকে আমৃত্যু তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করেন।




