পিরোজপুর ভান্ডারিয়া থানা পুলিশের তৎপরতায় চোরাই চারটি মহিষ উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ০৬ আগস্ট ২০২৬ তারিখ রাত ২টা ৪১ মিনিটে ভান্ডারিয়া থানার রাত্রিকালীন ডিউটিরত দুটি মোবাইল টিমের যৌথ অভিযানে একটি চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়া একটি হলুদ রঙের মিনি ট্রাক ধাওয়া করা হয়। পরে ভান্ডারিয়া থানার বড় কানুয়া এলাকার বটতলা থেকে ট্রাকটি আটক করা হয়।
তল্লাশিকালে ট্রাক থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা এলাকা থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার (৩৬), পিতা: মৃত সুলতান হাওলাদার, গ্রাম: উত্তর ভিটাবাড়িয়া, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুরকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক কামরুল হাওলাদারের বিরুদ্ধে ৮টি ডাকাতি, ৩টি দস্যুতা এবং ৪টি চুরির মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া চারটি চোরাই মহিষ এবং ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, চোরাই গবাদিপশু পাচার ও আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




