পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অব্যাহত রেখেছে ময়মনসিংহ জেলা সদর উপজেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা শাখা ও ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা স্কাউট ভবন থেকে শুরু করে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানটি
পরিচালনা করা হয়। জেলা প্রশাসক সাইফুর রহমান নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
অভিযানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান বলেন, স্কাউটরা দেশের কাজে সদা প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পলিথিন আমাদের শত্রু, তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে শুরু হয়ে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক অপসারণ এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরী করেন।




