
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জাহার মোল্লা তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কুল্লিয়া হাই স্কুল মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জাহার মোল্লা বলেন, “আমি কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি রুহুল আমিন বিস্কুটের নেতৃত্বাধীন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। ২০১১ সালে ভায়না মোড়ে বোমা বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির নেতাদের পাশাপাশি আমার নামও জড়ানো হয়েছিল, যা পরবর্তীতে ৫ আগস্টের পটপরিবর্তনের পর খারিজ হয়। জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতৃত্বে উঠান বৈঠক করে ধানের শীষের পক্ষে কাজ করেছি। এছাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ৬ ও ৭নং ওয়ার্ডে আমার সমর্থিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।”
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কাবিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “জাহার মেম্বার একজন ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতা এবং এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি যেন পুনঃনির্বাচিত হতে না পারেন, সে উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কুচিয়ামোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদ মোল্লা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহাদুল মোল্লা; এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মোল্লা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক নিয়ম বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাহেব মোল্লা, অহিদ মোল্লা, চান্দি কাজি, নজরুল বিশ্বাস ও সুজন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।




