
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত লুৎফর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সম্মাননা পেয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়, সেই তালিকায় প্রধানমন্ত্রীর পছন্দের সাতজনের মধ্যে গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ স্থান পান।
বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে বয়োজ্যেষ্ঠ লুৎফর রহমানের অনন্য অবদানের কথা।
গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত লুৎফর রহমান ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষাদানের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তার এই নিরলস ও মানবিক উদ্যোগ শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
প্রাতিষ্ঠানিকভাবে নিয়োজিত শিক্ষক না হলেও দীর্ঘদিন ধরে শিক্ষাদানের মাধ্যমে তিনি যে অসামান্য অবদান রেখে চলেছেন, তা শিক্ষকতার মহান আদর্শেরই প্রতিফলন।
মহান এই শিক্ষকের অবদানের কথা ফেসবুকে তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তার দীর্ঘদিনের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।
তার প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রী তার জন্য অবসরকালীন ভাতা ও প্রয়োজনীয় সুবিধা প্রদানের ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এই সম্মাননা শুধু একজন মানুষের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা নয়; বরং শিক্ষা বিস্তারে নীরবে ও নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া অসংখ্য মানুষের অবদানের প্রতিও রাষ্ট্রের স্বীকৃতি ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের দোরগোড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে যারা জীবন উৎসর্গ করেন, তাঁরাও জাতির ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ব শিক্ষক দিবসে বয়োজ্যেষ্ঠ লুৎফর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।



