
খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা ৪ নম্বর গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল ডিউটিতে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি পিচঢালা সড়কের পাশে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




