দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ে দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার কোষাঘাটা গ্রামে এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের (এএলটিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সংস্থাটির এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের মৎস্য খাতের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক মহলদার। তিনি নিরাপদ ও লাভজনক মাছ উৎপাদন, পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্যের গুণগত মান যাচাই, পানির গুণাগুণ বজায় রাখা এবং মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে মাছ চাষের জন্য উপযুক্ত পুকুর নির্বাচন, পুকুরের আকার ও গভীরতা, মাছের প্রজাতি ও পোনার মান নির্বাচন এবং নিয়মিত খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উৎপাদিত মাছের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিক্রির আগে ও পরে সঠিক সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত পরিবহনের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া পুকুরের পাড়ে মৌসুমি শাকসবজি চাষ, মাছের খাদ্যের মান যাচাই এবং সমন্বিত মাছ চাষ পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে বাড়তি আয় করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। মাছের সাধারণ রোগের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রশিক্ষক বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে পুকুরের পরিবেশ ও পানির গুণগত মান ঠিক রেখে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশি কার্যকর।

প্রশিক্ষণে মাছ উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ, চাষিদের জন্য সরকারি সেবা ও সহায়তা এবং দেশের মৎস্য খাতের অগ্রগতির বিষয়গুলোও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জহির রায়হান, এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রকল্পের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন এবং ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যদের নিরাপদ, মানসম্মত ও পরিবেশবান্ধব মাছ উৎপাদনে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতে টেকসই ও লাভজনক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের