
হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি সুইচগেইট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।




