কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহত মায়ের বয়স আনুমানিক ৩২ এবং ছেলের বয়স আনুমানিক ছয়-সাত বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি জানান, কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল একটি পরিবারের চার সদস্য। বুধবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি এবং মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন, অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি ও ফ্যামিলি কার্ডের নতুন দিগন্ত

যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে