
গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টুন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের ডিউটি অফিসার রাশেদ বিন শামীম দুপুর ১২টা ৪৮ মিনিটে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।




