চারঘাটে পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযোগ, নিরাপত্তা চেয়েছেনভুক্তভোগী

রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডী পূর্বপাড়া এলাকায় একটি পরিবারের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে ওই পরিবারের বাড়ির সামনে পায়ে চলাচলের পথটি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোছা. ঝরনা বেগম (৪১)। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করা হয়েছে।

ভুক্তভোগী ঝরনা বেগমের অভিযোগ, তাঁদের বাড়ির সামনে সরকারি রাস্তা রয়েছে। ওই রাস্তা থেকে বাড়িতে প্রবেশের জন্য ব্যবহৃত পায়ে হাঁটার পথটি গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার পর বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।

রোববার দুপুরে ঝরনা বেগম বলেন, “আমাদের বাড়ির সামনে সরকারি রাস্তা রয়েছে। কিন্তু পায়ে হাঁটার পথটি বন্ধ করে দেওয়ায় আমরা বাড়িতে যাতায়াত করতে পারছি না। এ বিষয়ে চারঘাট মডেল থানায় অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।”

তিনি অভিযোগ করেন, এর আগে গত ৩ জুনও তাঁদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকেই তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।

ঝরনা বেগম আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর চারঘাট মডেল থানার এসআই মাইনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে স্থানীয় বিএনপি নেতা মো. জহুরুল ইসলাম (জীবন) উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন। তাঁর সঙ্গে কথা বলার পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় বলেও অভিযোগ করেন ঝরনা বেগম। তাঁর দাবি, জহুরুল ইসলাম জীবন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ওই নেতার প্রভাবের কারণে সমস্যাটির তাৎক্ষণিক সমাধান হয়নি। ফলে তাঁকে ও তাঁর পরিবারকে এখনও অবরুদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, চলাচলের পথ বন্ধ করার ঘটনায় অভিযুক্ত এসআই মুকিবর রহমান বর্তমানে নাটোর জেলার আবদুল্লাপুর থানায় কর্মরত। তবে এসআই মুকিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে বিএনপি নেতা মো. জহুরুল ইসলাম (জীবন)-এর বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে মোবাইল ফোনে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, “রোববার দুপুরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে চলাচলের পথ উন্মুক্ত করা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং গত ৩ জুনের হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঈশ্বরদীতে ছাত্রদল পরিচয়ে এনসিপির জ্বালানি-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধির