মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্তের দাবি

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে অন্য একটি প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ১১টায় চিলাহাটি বসুনিয়াপাড়ায় অবস্থিত বিদ্যালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফরিদ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস)-এর সহযোগিতায় ২০১৫ সালের ১ জানুয়ারি চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির রেজিস্ট্রেশন নম্বর এস-১২৭৩০ (৫০৯৬৯১)। বর্তমানে এখানে শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি একটি পক্ষ বিদ্যমান বিদ্যালয়ের নাম ব্যবহার করে অন্যত্র একই নামে নতুন একটি প্রতিষ্ঠান চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মো. ফরিদ হোসেন অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষক, কিছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে সেখানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এলাকায় নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃষ্টিতে ডুবে যায় ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিসারের কার্যালয়। চরম দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে