চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবন ও আদর্শে শান্তি, সাম্য, সৌহার্দ্য, সহিষ্ণুতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা রয়েছে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট সারাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন