
”জুলাই চেতনায় গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে।” তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, নিজাম উদ্দিন, বরকত উল্লাহ, কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. অলিউল্লাহ সিকদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষার্থী নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলী রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাইয়ের চেতনা ও আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।





