জনগণের সেবার মাধ্যমেই আস্থা অর্জন সম্ভব: কর্মসংস্থানমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের সেবার মাধ্যমেই প্রকৃত আস্থা অর্জন সম্ভব। এজন্য নেতাকর্মীদের সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার রাতে তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামার গ্রামে গিয়ে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা দীর্ঘ ১৭-১৮ বছর ত্যাগ স্বীকার করেছি। এখন সেই ত্যাগের প্রতিফলন মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। মানুষ যেন বুঝতে পারে—এই দল ক্ষমতায় এলে জনগণের সেবায় নিয়োজিত থাকে। আমরা কোনো জোর-জবরদখলে বিশ্বাস করি না এবং কাউকে করতেও দিই না।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র এক মাস হলেও রমজান মাস ও আন্তর্জাতিক সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও সরকারের কার্যক্রম থেমে নেই। ইতোমধ্যে নির্বাচনি ইশতিহারের বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কটিয়াদীর বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। অপর নিহত ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিকটবর্তী একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ