
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (শনিবার) সকালে নগর জামায়াতের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে অন্যায়-অবিচার, একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনা। এ চেতনাকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মনের ভাষা বুঝে দেশ পরিচালনা করতে হবে। জনগণের প্রত্যাশা ও অধিকার উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে একদলীয় শাসন, দুর্নীতি, দুঃশাসন ও মানুষের মৌলিক অধিকার হরণের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কোনোভাবেই যেন দেশে আবার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।
কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতয়ালী উত্তর থানা কর্মপরিষদ সদস্য ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেত, ১৮ নং ওয়ার্ড সভাপতি বায়জীদ বোস্তামী, ১৬ নং ওয়ার্ড সভাপতি সাত্তার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




