দর্শনা সীমান্তে বিজিবির বড় অভিযান: ৬ কেজি ৯৬৮ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ১

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের প্রস্তুতির গোপন তথ্য পেয়ে সীমান্ত পিলার ৭৮ সংলগ্ন এলাকায় একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে মোটরসাইকেলে ওই এলাকায় যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
অভিযানের সময় রবিউলের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, উদ্ধার হওয়া স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যেই তিনি বহন করছিলেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আরও জানায়, আটক রবিউল ইসলাম এবং জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,পুলিশ হবে জনগণের বন্ধু,২৭তম বিসিএস ব্যাচ পুলিশের সমাপনী কুচকাওয়াজ

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল