
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বোর্ডের ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত পাঁচ বছরের মধ্যে এবারই বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম।
শনিবার (৩১ অক্টোবর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা যায়, এবার রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি কলেজ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। বোর্ডে সামগ্রিক পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২২ সালে ৭৯ দশমিক ০৮, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে।
বিভাগভিত্তিক ফলাফলে মানবিক বিভাগে ২৬ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৫৬৩ জন। পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৭৮ হাজার ৩৪৮ জনের মধ্যে পাস করেছেন ৩১ হাজার ২৮৬ জন, পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৩৫ জনের মধ্যে পাস করেছেন ২ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। এ বিভাগে ২ হাজার ৯৪ জন, মানবিক বিভাগে ৭৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। ৫৩ হাজার ৫০৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২ হাজার ১০৬ জন। পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, ৬০ হাজার ২৮ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯ হাজার ২৯২ জন। পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে রংপুর জেলা। সেখানে পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে, ৩৬ দশমিক ২৩ শতাংশ। দিনাজপুর জেলায় পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ।
৪৯ কলেজে কেউ পাস করেননি
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে নীলফামারীতে ১২টি, ঠাকুরগাঁওয়ে ৯টি, কুড়িগ্রামে ৯টি, দিনাজপুরে ৬টি, লালমনিরহাটে ৬টি, রংপুরে ৩টি, গাইবান্ধায় ২টি এবং পঞ্চগড়ে ২টি কলেজ রয়েছে।
গত পাঁচ বছরের তুলনায় শূন্য পাস করা কলেজের সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে এমন কলেজ ছিল ২টি, ২০২২ সালে ১৩টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ২০টি এবং ২০২৫ সালে ৪৩টি। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে।
সংবাদ ব্রিফিংয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক বলেন, বিগত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিষয়টিকে তাঁরা শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে দেখছেন।
শূন্য পাস করা কলেজগুলোর বিষয়ে তিনি বলেন, এ নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। শুধু কারণ দর্শানোর নোটিশ নয়, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের ডেকে ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে।
সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





