
মানিকগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ৭৮ নং দৌলতপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর ফিরোজ এবং দৌলতপুর পি.এস. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তানিয়া আক্তার তৃপ্তি, নার্গিস আক্তার, ফেরদৌসী আক্তার, নাসরিন আক্তার, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
পিঠা উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির পরিচিতি তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।





