
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, দৌলতপুরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা থেকে আগত প্রবীণ নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান সজীব। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এসআই মোঃ লিটন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ লোকমান হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বাসী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহির মাহমুদ, বন্ধন কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল আলমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলায় সরকারি বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় মোট ৯ হাজার ৮৫৩ জন প্রবীণ ভাতাভোগী রয়েছেন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৪৭ জন এবং নারী ৫ হাজার ৬ জন। সরকারি এ ভাতা কর্মসূচি প্রবীণ জনগোষ্ঠীর আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। প্রবীণদের সুস্থ, নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সহযোগিতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে আগত প্রবীণ পুরুষ ও নারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।




