
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।
বিশেষ করে জনপ্রিয় ব্র্যান্ড বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে চলছে চরম নৈরাজ্য।
উপজেলার বিভিন্ন বাজার ও খুচরা দোকানে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো চড়া দামে এই গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ক্রেতাদের তথ্যমতে, নবীনগর পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে ১২ কেজির একটি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার কোথাও ২৫শ টাকা, আবার কোথাও ২৬শ অথবা ২৭শ টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।
অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত খুচরা মূল্য এর চেয়ে অনেক কম।
সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের অজুহাত:
গ্রাহকদের অভিযোগ,
খুচরা বিক্রেতা ও ডিলাররা সিন্ডিকেট তৈরি করে সরবরাহ সংকটের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে।
একই ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার মাত্র কয়েক গজের ব্যবধানে ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন, “গ্যাস কিনতে গেলে দোকানদাররা সরাসরি বলেন, নিলে নেন না নিলে যান, মাল কম। বাধ্য হয়ে অতিরিক্ত ১ হাজার টাকা পর্যন্ত বেশি দিয়ে আমাদের সিলিন্ডার কিনতে হচ্ছে।”
ভোক্তা অধিকারের হস্তক্ষেপের দাবি:
এর আগে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করলেও নবীনগরের খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়েনি। মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকায় বিক্রেতারা প্রতিনিয়ত দাম বাড়িয়েই চলেছেন।
এই পরিস্থিতিতে নবীনগরের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত বাজার তদারকি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসৎ ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।





