দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহ আলম নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৭ মে) মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে একপর্যায়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতেই নিজের মাথায় আঘাত করেন এবং নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আসলেই পারিবারিক কলহের জেরে আত্মহনন নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধোঁয়াশা দেখা দিয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং সুষ্ঠু তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তারিখ ১৭-০৫-২৬ ইংরেজি ।




