পড়ার টেবিলে স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসজুড়ে। নিহত জীবক চাকমা (২০) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।

রোববার (১২ এপ্রিল) সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা জানান, সকালে পড়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জীবক। দ্রুত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন তরুণ শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে বিষণ্নতা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন