রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরসংলগ্ন বালিয়াঘাটি-সোনারপাড়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ কাদায় একাকার হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি ও কাদা জমে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হয়েছে। কোথাও কোথাও যানবাহনের চাকার কারণে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। পথচারীদেরও কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারে নেওয়ার সময় বেশি সমস্যায় পড়তে হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন।
স্থানীয়রা জনদুর্ভোগের কথা বিবেচনা করে বালিয়াঘাটি-সোনারপাড়া সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



