রাজশাহীর পুঠিয়ায় পৃথক দুটি অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মিশ্রিত মোট ১৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে ঝলমলিয়া এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলি মিশ্রিত ৮ কেজি চিংড়ি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।



