
মাগুরায় তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে ভিডিওতে রেখে থাপ্পড় মারলেন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। থাপ্পরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন।
তিনি জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত মো. ইমরান হোসেনকে প্রকাশ্যে ভিডিওতে রেখে থাপ্পড় মারে নয়ন। এ বিষয়টি রাত ৮টার দিকে সদর থানায় উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ নেতৃবৃন্দ ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য,ইতোপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক,অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।





