ফরিদপুর জেলার কানাইপুর বাজারে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোটা অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় নকল ওরস্যালাইন, চিপস, ভেজাল গুড় এবং বিএসটিআই লোগোবিহীন সয়াবিন তেল বোতলজাত করার মতো নানা অনিয়ম ধরা পড়ে। অভিযানে জেলা প্রশাসকের নির্দেশনায় একটি চৌকস টিম অংশ নেয় এবং ডিসি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিশেষ করে রুপা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে বিভিন্ন পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিএসটিআই অনুমোদন ছাড়া সয়াবিন তেল বোতলজাত এবং নকল ওরস্যালাইন তৈরির বিষয়টিও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনের আওতায় কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—
মেসার্স নিমলেন্দ সাহা এন্ড সন্স, প্রোপ্রাইটর নিরঞ্জন সাহা (কানাইপুর) — ২,০০০ টাকা
রুপা ফুড প্রোডাক্টস, প্রোপ্রাইটর মো: জাফর মোল্লা — ৮০,০০০ টাকা
মো: সেকেন্দার (ভেজাল গুড়) — ৫,০০০ টাকা
মোহাম্মদ নাজমুল ইসলাম — ১,০০,০০০ টাকা
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে জানায়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




