
রংপুরের বদরগঞ্জে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর আলী। এ সময় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রোজিনা বেগম বলেন, এবারের দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আনসার সদস্যদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



