সোমবার,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি দেশীয় তৈরি একনালা বন্দুক, ১২ বোরের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোসা ও রামদা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় নাপোড়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম এবং বাঁশখালী থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে নতুন বাজার এলাকার বেড়িবাঁধ সংলগ্ন আমান উল্লাহর বাড়ির পেছনের একটি টমেটো ক্ষেত থেকে অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ১২ বোর কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ফেলে রেখে পালিয়ে যাওয়া আসামিদের পরিচয় শনাক্তসহ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মোহাম্মদ রফিউল করিম চৌধুরী

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন