
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অনেক বাংলাদেশি। এ নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে খোঁচা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে খোঁচা দিয়ে একটি মন্তব্য করেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ভারতের নির্বাচন কমিশনের অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ ও সংহতি জানাচ্ছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন যেন ধোয়া তুলসীপাতা!’
এদিকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরেই নয়াদিল্লিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে সমাবেশের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটের আশঙ্কায় নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেলওয়ে। শুক্রবার প্রকাশিত এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন ট্রেনগুলো বাতিল করা হয়।
রেলওয়ের নির্দেশিকায় বলা হয়, সংশ্লিষ্ট স্টেশনগুলোর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিক্ষোভ ঘিরে মেট্রো স্টেশন বন্ধ ও ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্টও। আদালত বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে। তবে এর জন্য জনজীবন পুরোপুরি স্থবির করে দেওয়া যায় না।
আদালত মন্তব্য করেন, একটি মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষের যাতায়াতের প্রয়োজন রয়েছে। তাই নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের স্বাভাবিক চলাচল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে।




