ফরিদপুরের চরভদ্রাসনে নির্যাতনের পর বিষ খাইয়ে কৃষক ইউসুফ আলী শেখ (৫৫) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় ‘প্রশাসন চুপ কেন, জবাব চাই’, ‘ইউসুফের খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর পুলিশ চারজনকে গ্রেফতার করলেও মামলার অন্য আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
চরহাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম, মোস্তফা কোবির, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে বলেন, ‘এলাকায় আগে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেনি। একজন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে ইউসুফ কয়েকজনের নাম বলে গেছেন। আমরা চাই, দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
প্রসঙ্গত, গত ১ আগস্ট সন্ধ্যায় ইউসুফ আলী শেখকে ডেকে দুর্গম চর এলাকায় নিয়ে নির্যাতনের পর বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ শামীম হোসেন (২৫), ইয়াছমিন আক্তার (৩৪), আক্কাস মোল্যা (৬০) ও জুলহাস মোল্যাকে (৩৫) গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনামুল হক বলেন, ‘বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’




