
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবন ও জনউপদ্রব বা মাতলামির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) থানার পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন, এসআই মোঃ রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর-আল আহসান ও এএসআই মোঃ মুছা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী এলাকার শাহীন মিয়া (৩৫), গঙ্গানগরের মিজান ভান্ডারী (৫২), চারিপাড়া এলাকার সাকিবুল হাসান (১৯), মোঃ সজীব (১৯) ও মোঃ তোফাজ্জল (২১)। এছাড়া পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার মোঃ আল-আমিন (২২) ও মোঃ শাকিল (২২) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও এলাকার রুমেল খাঁ (৩৬), কামালপুরের বাবুল মিয়া (৩৪) ও পশ্চিম চান্দশির কাপনের মোঃ তুহিন মিয়া প্রকাশ শামীম মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামিরা জনসম্মুখে মাদকসেবন করে মাতলামি করার মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছিলেন। দ্রুত বিচার ও আইনগত নিষ্পত্তির জন্য তাঁদের সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “মাদকসেবন ও মাতলামির অপরাধে ১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”




