ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ জাকির হোসেন (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে সদরেরর তুলাতলী লঞ্চে অভিযান চালিয়য়ে অস্ত্র ও মাদকসহ তাবে আটক করা হয়।
আটককৃত জাকির সদরের দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ছিগ্দিক ফরাজির ছেলে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ভোলার সদরের কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলি-১৩ লঞ্চ যোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৫ মে মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদরের তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেন কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।



