মাগুরায় অগ্নিদগ্ধ হয়ে মোটর শ্রমিকের মৃত্যু

মাগুরা শহরের টিটিডিসি পাড়ায় সোমবার সকালে অগ্নিদগ্ধ হয়ে কামরুল হাসান শিবলু মুন্সি (৪৫) নামে এক মোটর শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মৃত আকবর আলী মুন্সির ছেলে। স্থানীয়ভাবে তিনি ভায়নার মোড় এলাকায় বাসের স্টার্টার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে শিবলু মুন্সি বাড়িতে একা ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আগের রাতের কথা-কাটাকাটির পর তিনি ছেলে, মেয়ে ও স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। পরে সোমবার সকালে তার মাকেও বাড়ির বাইরে পাঠিয়ে দেন। এরপর ঘরের দরজা-জানালা বন্ধ করে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন বলে পরিবারের সদস্যদের দাবি।
ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের ছেলে পাভেল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে অতীতে পাবনায় চিকিৎসা নিয়েছিলেন। তিনি আরও জানান, এর আগেও তার বাবা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)
আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিবলু মুন্সি পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করেন। পরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঘরে আগুন লাগিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন