মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুমতি হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জুবায়ের হোসেন হিরো (সাবেক যুগ্ম আহ্বায়ক, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল) এবং জুলফিকার আলী (সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল)।
বক্তারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।




