
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মানিকগঞ্জের দৌলতপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মানহীন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোছা. রৌশন আরা বেগম এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
অভিযানকালে দৌলতপুর বাজারের একটি হোটেলে ট্রেড লাইসেন্স আপডেট না থাকা, কেকের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেসার্স তাহের স্টোরে – অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও মানহীন বেকারি পণ্য, বিস্কুট ও আইসক্রিম পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনুপযোগী আইসক্রিমসহ অন্যান্য খাদ্যপণ্য ডাস্টবিনে ফেলে ধ্বংস করা হয়।
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা বিক্রির জন্য প্রদর্শন করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দণ্ডনীয় অপরাধ। এ ধারায় অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও
অভিযানকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, হোটেল, রেস্তোরাঁ ও দোকানের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের বা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি বা সংরক্ষণ করা যাবে না।
তিনি ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মেয়াদ, গুণগত মান ও সংরক্ষণব্যবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দেন। একই সঙ্গে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার জন্যও সতর্ক করেন।
ইউএনও আরও বলেন, “জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান একই ধরনের অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্যানিটারি অফিসার মো. শফিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা প্রশাসনের সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোছা. রৌশন আরা বেগম, ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান, মেয়াদ ও পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি হোটেল ও দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা অনিরাপদ কোনো খাদ্যপণ্য যেন বিক্রি না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন।




