রংপুরে ৪ খুনের আসামিদের পক্ষে সাময়িকভাবে না লড়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে সাময়িকভাবে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর আইনজীবী সমিতি। তবে তদন্ত সঠিকভাবে হয়নি বলে মনে হলে পরবর্তী সময়ে আসামিদের পক্ষে আইনগত লড়াইয়ে ফেরার কথাও জানিয়েছে সমিতি।

আজ শনিবার নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আইনজীবী সমিতিতে মোটামুটি আলোচনা করে একটি সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। আইনজীবীদের নিয়ে অনেকে বলেন, তারা টাকা-পয়সা পেলে সবকিছুই করেন। এ কারণে আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সময়ে আমরা যদি কোনো তথ্য-উপাত্ত না পাই, আপাতত এই মামলায় যারা গ্রেপ্তার হবেন, তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমরা মামলা পরিচালনা করব না।’

আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘এই সিদ্ধান্ত এক সপ্তাহ, এক মাস, দুই মাস কিংবা ছয় মাস থাকতে পারে। পরে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একটি বার্তা দিতে চাই, আইনজীবীরা টাকার বিনিময়ে অপরাধকে সমর্থন করেন, এমন বক্তব্য ঠিক নয়।’

আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো অন্তরায় তৈরি হবে কি না, এমন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব বলেন, মৃত্যুদণ্ডের কোনো মামলায় আসামির পক্ষে আইনজীবী না থাকলেও বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার পক্ষ থেকে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, ‘আইনজীবী ছাড়া ট্রায়াল হলে মামলার সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে না। আমরা বলেছি, এটা সাময়িক সময়ের জন্য। আমরা এই ঘটনায় সমব্যথী। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা যদি এতটুকু প্রতিবাদও না করি, তাহলে আমাদের নিজস্ব সত্তা থাকে না।’

সিদ্ধান্তটি সাময়িক জানিয়ে শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘আমরা সাময়িকভাবে বিরত থাকলাম, আমরা তাদের পক্ষে থাকব না। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে যদি আমাদের মনে হয় তদন্ত সঠিকভাবে হয়নি, তাহলে অবশ্যই আমরা আসামিদের পক্ষে থাকব।’

গ্রেপ্তার আসামিদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির প্রসঙ্গে আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবেই এগোচ্ছে। আমরা চাই, যারা প্রকৃত দোষী, তাদের যেন শাস্তি হয়।’

তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই রাজনীতিকরণ করা উচিত নয়। কেউ যেন এটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা না করেন। ফেসবুকে অনেকে ঘটনাটিকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। যেহেতু মামলাটি এখনো তদন্তাধীন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা বা বিচার করা ঠিক হবে না।’

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সদস্য ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সমিতির ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫ বছরে ২৫কোটি চারা রোপণ স্থানীয় লোকদের সমন্বয় করার জন্যই সামাজিক বনায়ন করা হয়েছে-পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

পরিবেশ বল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম