
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৭ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে মঠের ঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি মঠের ঘাট এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদ জানান। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, মুড়াপাড়া ইউনিয়ন মহিলা দলের শেফালী স্মৃতি, উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল মিয়া, সেক্রেটারী আলেক চাঁন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক আল আমীন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা কোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।




