
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। সাক্ষাতে প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
অংশীদারিত্ব, স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ। এই বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, অব্যাহত উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গতিশীল করবে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় স্থান পায়। উভয় পক্ষ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অংশীদারিত্বের পরিধি সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করে এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
রাষ্ট্রদূত লটজ দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন; এক্ষেত্রে তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, এভিয়েশন বা বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরেন এবং দেশের বিনিয়োগ-বান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করেন।




