লিবিয়ায় তিন তরুণ নিখোঁজ, মানব পাচার মামলায় মোশারফ গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন তরুণের পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা মানব পাচার মামলার আসামি মোশারফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়। পরে আজ সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের মৃত তমিজউদ্দিন শেখের ছেলে মোশারফ শেখের বিরুদ্ধে ইতালিতে পাঠিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তিন তরুণের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ সজিবুল আলমের মা শামীমা খানম বাদী হয়ে মোশারফ শেখসহ চারজনের বিরুদ্ধে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি মানব পাচার-৭০/২৬ নম্বরে নথিভুক্ত।
মামলার অভিযোগ অনুযায়ী, সজিবুল আলমের পরিবারের কাছ থেকে ২৫ লাখ টাকা, আবু তাহেরের পরিবারের কাছ থেকে ৩৬ লাখ টাকা এবং তাইজুদ্দিন শেখের পরিবারের কাছ থেকে ৪৩ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন পরিবারের কাছ থেকে ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
পরিবারগুলোর দাবি, তিন তরুণকে বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়ায় নেওয়া হয়েছে। এরপর থেকে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই। সন্তানদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পেরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
ভুক্তভোগী পরিবারগুলো তাঁদের সন্তানদের দ্রুত সন্ধান ও দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, মোশারফ শেখের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে অগ্রগতি এবং নিখোঁজ তিন তরুণের সন্ধান পাওয়ার প্রত্যাশা করছেন স্বজনেরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন