
রাজশাহীতে শুরু হতে যাচ্ছে “৩১তম অনূর্ধ্ব-১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬”।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় এই প্রতিযোগিতা ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। আগামী ৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
আজ শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর সকাল ৯টায়। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান টুর্নামেন্টের ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।





