
স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী থাকেন। তবে দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।”
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।





