হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আবারও সড়ক পরিবহনে চরম অচলবস্থা তৈরি হয়েছে। মৌলভীবাজারে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
গত মঙ্গলবার রাত ১০টায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই ধর্মঘট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোটর মালিক সমিতির মধ্যে এই রুটে বাস চলাচল নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিকবার হামলা-পাল্টা হামলা এবং ধর্মঘটের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রবিবার শেরপুর সেতু এলাকায় মৌলভীবাজারের শ্রমিকরা প্রবেশপথ বন্ধ করে দিলে পাল্টা ব্যবস্থা হিসেবে হবিগঞ্জের শ্রমিকরা টোলপ্লাজা এলাকায় বাস আটকে দেয়।
তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জেলা অভ্যন্তরীণ রুটে আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে কয়েক গুণ বেশি ভাড়া ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।




