অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহামান্য হাইকোর্ট কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে জনাব আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা করেছেন।
আজ হাইকোর্টের রায়ের মাধ্যমে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান জটিলতার নিষ্পত্তি হয়। আদালতের এই সিদ্ধান্তে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে স্বস্তি ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে।
রায় ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীরা একে গণতন্ত্র ও ন্যায়বিচারের বিজয় হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে কুমিল্লা-১০ আসনে বিএনপি আরও সুসংগঠিত হয়ে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, হাইকোর্টের এই রায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনোবলকে আরও দৃঢ় করবে এবং কুমিল্লা-১০ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।
এদিকে সাধারণ ভোটাররাও আদালতের রায়কে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।




