২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ: সড়ক ও সেতুমন্ত্রী

আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও এর অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের কাজে যেখানে বিচ্যুতি রয়েছে, সেগুলো কাটিয়ে দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। মহাসড়কটি নির্মাণে মোট ১৩টি প্যাকেজ রয়েছে। এর মধ্যে পাঁচটি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক হলেও বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ‘আমরা ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী মহাসড়কটির নির্মাণকাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।’

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে দীর্ঘ সময় কাজের তেমন অগ্রগতি না থাকায় বর্তমানে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। ভূমি অধিগ্রহণ ছিল প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় সমস্যা। সেটি থেকে এখন উত্তরণ ঘটতে যাচ্ছে। যেসব এলাকায় ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সেসব জায়গায় কাজ আরও জোরদার করার চেষ্টা চলছে।

এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে বিদ্যুতের খুঁটি বসানো