
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয়দানকারী চক্রের নারীসহ সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাগুরা জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।
আটকরা হলেন—মোছা. আসমা খাতুন, মো. হাসানুজ্জামান হাছান, মো. ওসমান গনি, সালমান শাহ, মো. ছাব্বির হোসেন, মো. সাকিব ও মো. আল আমিন হোসেন। তাদের বাড়ি মাগুরাসহ বিভিন্ন জেলায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে সিআইডি (CID) লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, ২৬ আগস্ট রাতে শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ জানতে পারে, নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোহা মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। বিষয়টি ডিউটি পার্টির ইনচার্জ এসআই আব্দুল মালেক পুলিশ সুপারকে অবহিত করেন।
পরে পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম ঘটনাস্থলে রওনা হন।
রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার, নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মালেকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে এবং কথিত নারী অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




