
দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।”
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশে দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।” যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। মাওলানা মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল। বাংলার মাটিতে মওদূদীবাদের কোনো স্থান হবে না।
আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।





