
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০১৪ সাল থেকে পুলিশের সাথে থেকে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ধরিয়ে দেওয়া এবং এলাকায় একক আধিপত্য বিস্তারকারী আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (১৫ অক্টোবর ২০২৬) তাকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯, সংশোধনী ২০২৬) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ ২০১৪ সাল থেকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাথে সার্বিক যোগাযোগ রেখে বিরোধী দল বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ধরিয়ে দিতে মূল ভূমিকা পালন করতেন। প্রভাব খাটিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করে রেখেছিলেন তিনি।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ রেকর্ড পাওয়া যায়নি।





