বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ, সেই স্বৈরাচারী লেজ টেনে ধরে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে মর্মাহত করেছে।
সারজিস আলম বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি মনে করে, তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে- এটা কখনোই সম্ভব না। কোনো একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাটতে চায়, তাহলে জনগণ এবং আমরা বিরোধী দল একসাথে প্রতিরোধ করবো। আমরা সংসদের প্রথম অধিবেশনে এই রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার চলতে পারে না।




